দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সফরে দুই দেশের মধ্যে আটটি পর্যন্ত চুক্তি ও সমঝোতার দলিল সইয়ের প্রস্তুতি চলছে। এর মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় রয়েছে। সফর শেষে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার অর্জন ও ভবিষ্যৎ অগ্রাধিকার তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশেরও কথা রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফর করবেন তারেক রহমান। আজ রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে প্রায় আটটি দলিল চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। তবে আলোচনা শেষ হওয়ার ওপর নির্ভর করবে শেষ পর্যন্ত কতটি দলিল সই হবে। তিনি বলেন, সফরকালে এসব সমঝোতা স্মারকের অনেকগুলোই সই হবে বলে আশা করা হচ্ছে।