,

দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হুতিদের বিমানবন্দরকেন্দ্রিক হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়সীমা বাংলাদেশের স্থানীয় তারিখ ও সময় অনুযায়ী কার্যকর থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং সেখান থেকে বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

এদিকে ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ফ্লাইট চলাচল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি হালনাগাদের তথ্য যথাসময়ে জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।