চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন এবং কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার। পরিদর্শনকালে তিনি আশ্বস্ত করে জানান, আগামী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা চালু করা সম্ভব হবে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শনে যান এবং দেশি-বিদেশি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে একই দিন সকাল ১১টার দিকে তিনি কেইপিজেড এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার বলেন, "মতবিনিময় সভায় শিল্পাঞ্চলের সংশ্লিষ্ট সব পক্ষ উপস্থিত ছিলেন। খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের মূল কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন তাঁরা। এ ছাড়া নিরবচ্ছিন্ন পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গেও ইতিবাচক আলোচনা হয়েছে।"
তিনি আরও জোর দিয়ে বলেন,"১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করার যে লক্ষ্যমাত্রা ছিল, তা বাস্তবায়নে কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রথম কারখানা উৎপাদনে যাবে।"
জানা গেছে, সফরকালে বিজন কান্তি সরকার আগের রাতে কেইপিজেডে রাত্রিযাপন করেন।
বুধবার সকালে কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন এবং মতবিনিময় পর্ব শেষ করে তিনি চট্টগ্রাম ইপিজেডের উদ্দেশ্যে রওনা হন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানম এবং সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।