বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তার নাম। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময়কার বহুল আলোচিত ভিডিও এবং পরবর্তী সময়ে বিমানবাহিনী থেকে তার অবসর নিয়ে বিতর্কের কারণে পরিচিত ছিলেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ১৯৯৮ সালে জন্ম নেওয়া তাহসিফের বয়স হয়েছিল ২৮ বছর।
৫ আগস্টের ভিডিও নিয়ে বিতর্ক
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাপ্রবাহের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ধারণ ও প্রকাশের সঙ্গে তাহসিফের নাম জড়িয়ে যায়। তবে তিনি নিজেই ভিডিওটি ধারণের বিষয়টি অস্বীকার করেছিলেন। এ ঘটনার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও নেতিবাচক প্রচার চলে বলে দাবি করেন তার পরিচিতজনদের কেউ কেউ।
বিমানবাহিনী থেকে অবসর
২০২৫ সালের ৪ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তাহসিফ সাউরি ও ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফীকে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ায় অবসর দেওয়া হয়েছে। তাদের অবসরের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা নেই বলেও জানায় সংস্থাটি।
যেভাবে উদ্ধার হলো মরদেহ
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তুরাগ নদে মরদেহ ভাসার খবর আসে। পরে নৌ পুলিশ সেটি উদ্ধার করে। পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।
নৌ পুলিশের ভাষ্য, মরদেহে বাইরে থেকে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।