,

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

চবির হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আজ বৃহস্পতিবার বেলা ১০.৩০টায় চবি উপাচার্য দপ্তরে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও  উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় হীরকজয়ন্তী উদ্‌যাপনকে উৎসবমুখর, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা-গবেষণায় অর্জন এবং এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অবদানকে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। এ আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন মাননীয় উপাচার্য।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নয়; এটি বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের অর্জন, ঐতিহ্য ও অগ্রযাত্রাকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হীরকজয়ন্তীর কর্মসূচি সফল করতে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ হীরকজয়ন্তী উদ্‌যাপনকে সফল করতে তাদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেন। তারা এ আয়োজনকে অর্থবহ ও সবার অংশগ্রহণমূলক করে তুলতে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।