
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী শিক্ষা মন্ত্রীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, ভারপ্রাপ্ত শিক্ষা সচিব এবং দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ।
ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার পরীক্ষায় অংশ নিয়েছে ৯৬ হাজার ৩৩৫ জন। ছয়টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫৯৬ জন ছাত্রী এবং ১ হাজার ৩৩৩ জন ছাত্র।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ দশমিক ১৪ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এবার বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ২৮৩টি কলেজের মধ্যে তিনটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কলেজগুলো হলো—মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদিকে শতভাগ পাস করা ছয়টি কলেজ হলো—চট্টগ্রামের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং লিডার্স স্কুল অ্যান্ড কলেজ।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চট্টগ্রাম নগরে। সেখানে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। চট্টগ্রাম জেলায়, নগর বাদে, পাসের হার ৪৫ দশমিক ৫৯ শতাংশ। মহানগরসহ পুরো চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ৪২ শতাংশ।
বোর্ডের আওতাধীন অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারে পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ, বান্দরবানে ৪১ দশমিক ৪২, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ এবং খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ।







