,

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

দেশের পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নতুন মজুরি নির্ধারণে লিখিত প্রস্তাব জমা দিয়েছে শ্রমিকপক্ষ। এতে সাধারণ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশদের ৩০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি গ্রেড অনুযায়ী সর্বোচ্চ বেতন ৪৮ হাজার টাকা করার প্রস্তাবও দিয়েছে শ্রমিকপক্ষ।

তবে মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো মজুরি হারের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেননি। এ জন্য তাঁদের চার কর্মদিবস সময় দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তিনি জানান, আজকের সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে এবং বোর্ড তা গ্রহণ করেছে। তবে মালিকপক্ষ কিছু সমস্যার কথা জানিয়ে প্রস্তাব জমা দিতে সাত কর্মদিবস সময় চেয়েছিল। পরে আলোচনা করে তাদের চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ লিখিত প্রস্তাব জমা না দিলে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজ নিয়ে বোর্ড পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

সৈয়দ আজাদ সুবহানী আরও জানান, শিগগিরই কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করবে মজুরি বোর্ড। সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। সময় কম থাকায় চলতি সপ্তাহের মধ্যেই একাধিক কারখানা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয়েছে, বোর্ডের নিরপেক্ষ সদস্য প্রয়োজনে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আরও আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে এক বা একাধিক সদস্যকে এ কার্যক্রমে যুক্ত করতে পারবেন।

তিনি জানান, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর।