,

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ লাখ টাকার মালামাল লুট

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সিঁড়িঘরের দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ও কাপড়চোপড়সহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় পরিবারের নারীদের নাজেহাল করার প্রতিবাদ করায় ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে ডাকাতরা। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় তারা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিব্বাড়ি পরানের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার ইউপি সদস্য মাহফুজুর রহমান (৩৮) ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে। আহত অবস্থায় তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তারা। রাত আড়াইটার দিকে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল বাড়ির সিঁড়িঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে তার বড় ভাইয়ের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। শিশুদের কান্নাকাটির শব্দ শুনে তিনি ওই ঘরে গেলে দেখতে পান, ডাকাত দলের সদস্যরা পরিবারের নারীদের নাজেহাল করছে। এ সময় তিনি বাধা দিলে ডাকাতরা রামদা ও খুন্তি দিয়ে তার মাথা ও হাতে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি আরও জানান, একপর্যায়ে ডাকাতরা আলমারি ভেঙে তার ব্যক্তিগত ও ওয়ার্ডের উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহারের জন্য রাখা নগদ ৭ লাখ টাকা লুট করে নেয়। এ ছাড়া তার স্ত্রী ও বড় ভাবির মোট ৬ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। যাওয়ার আগে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ডাকাতরা।
ডাকাতির ঘটনার বিবরণ দিয়ে মাহফুজুর রহমান বলেন, ডাকাত দল কয়েকটি মোটরসাইকেলে করে এসেছিল। তাদের মধ্যে ৬ জনের মতো বাড়িতে প্রবেশ করে, অন্যরা বাইরে পাহারায় ছিল। তার বাড়িতে টাকা থাকার তথ্য জেনেই পরিকল্পিতভাবে এ ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি ধারণা করছেন। মঙ্গলবার সকালে তার ভাইয়েরা শহর থেকে বাড়িতে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকটি মোটরসাইকেলে করে ডাকাত দল এসে মাহফুজের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত করতে প্রশাসনকে সহযোগিতা করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুটি মোটরসাইকেলে চারজনকে দেখা গেছে। তাদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংঘবদ্ধ ডাকাত দলকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।