দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন সুদৃঢ় করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন সরকার কিংবা জনগণের পক্ষ নেবে না। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মধ্য দিয়ে তথ্য কমিশনের আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ও স্বাধীন পথচলার প্রথম পদক্ষেপ শুরু হলো।
প্রধান তথ্য কমিশনার আরও বলেন, প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সবসময় খোলা থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কমিশনকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিশনের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তিনি জানান, ১৫ তলাবিশিষ্ট ভবনে অনুমোদিত ৭৬টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এত কম জনবল নিয়েই সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
তথ্য কমিশনকে জনমুখী করার লক্ষ্যে ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে চলতি নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। পাশাপাশি দেশের স্কুল ও কলেজগুলোতেও এ কার্যক্রম চালু করা হবে।
তিনি আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি অনিষ্পন্ন অভিযোগের মধ্যে ৯৫টির শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে দুই শতাধিক নতুন অভিযোগ জমা পড়েছে।
প্রধান তথ্য কমিশনার বলেন, সংবাদকর্মী, কনটেন্ট নির্মাতা ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন কিংবা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের অগ্রযাত্রায় সহায়ক হবে।
প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে বড় অংশীদার। স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তথ্য কমিশন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলা এবং বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় এখানে কাজের বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে নতুন কমিশন। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করা এবং সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।