ক্ষমতার মসনদ হারিয়েও ষড়যন্ত্রের রাজনীতি থেকে সরে আসেনি পতিত ফ্যাসিবাদী শক্তি - এমন অভিযোগ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিপন্ন করে, জনমনে আতঙ্ক ছড়িয়ে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণের ষড়যন্ত্র করা হচ্ছে। তবে দেশের মাটিতে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধেই সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
নাজিমুর রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তি ক্ষমতা হারানোর পরও তাদের ষড়যন্ত্র থামায়নি। বরং দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তাদের চলমান সহিংস কর্মকাণ্ডের অংশ হিসেবে বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরণ, বিভিন্ন স্থাপনায় হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সীমান্তের ওপারে অবস্থান করে কর্মসূচি ঘোষণা এবং দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা সহযোগীদের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। কৃত্রিম সংকট তৈরি, আতঙ্ক ছড়ানো এবং সহিংস পরিস্থিতি উসকে দিয়ে বর্তমান সরকারকে বিব্রত ও ব্যর্থ করার অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।
নাজিমুর রহমান বলেন, যারা আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার দিবাস্বপ্ন দেখছেন, তাদের স্পষ্ট করে বলতে চাই—বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন, দমন-পীড়ন কিংবা সন্ত্রাসের রাজনীতি মেনে নেবে না। গণতন্ত্রকামী জনগণের রক্ত, ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করার যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ষড়যন্ত্রকারীরা তাদের স্বার্থ হাসিল করতে চায়। তাই কোনো উসকানিতে পা না দিয়ে জনগণকে সতর্ক, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি রাজপথে দায়িত্বশীল ও সংগঠিত ভূমিকা পালন করবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা কিংবা জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টাকে প্রশ্রয় দেওয়া হবে না।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে এর বিরুদ্ধে সাংগঠনিক ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক আলোচনা সভা, প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, সন্ত্রাস ও সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে।
সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মুবিন। আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা শেখ নুরুন্নাবাহার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।