শুক্রবার (১৩অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, “আমরা সমস্ত অপশক্তির বিরুদ্ধে মাঠে আছি। যারা মনে করছেন বোমা সন্ত্রাস করে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফুলের পাপড়ি বিছিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা মনে হয় বাংলাদেশের মানুষকে এখনো চেনেন না। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে না বা সন্ত্রাস করার সুযোগ দেবে না। যারা বোমা মারছেন ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা-কিভাবে জড়িত, সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি।”
মো. আসাদুজ্জামান বলেন, কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং কারা সন্ত্রাসী, তা সবাই দেখতে পাচ্ছেন। এত কিছুর পরও বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বপরিমণ্ডলে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা মনে করেন।
সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথ অনুসরণ করেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার যে সংস্কৃতি ছিল, সেখান থেকেও বেরিয়ে আসার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, “ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।
