ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপিপন্থি প্রকৌশলীদের প্যানেল ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’ (অ্যাব)। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. নুরুল করিম এবং সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম নির্বাচিত হয়েছেন।এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
এবারের নির্বাচনে মোট ৪৬টি পদের মধ্যে বিএনপিপন্থি প্রার্থীরা ৪০টিতে এবং জামায়াতপন্থি প্যানেল ‘ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস’-এর প্রার্থীরা ৬টি পদে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী নুরুল আলম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে বিএনপিপন্থি প্রার্থী প্রকৌশলী মো. নুরুল করিম ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি প্যানেলের প্রকৌশলী মানজারে খোরশেদ আলম পেয়েছেন ৭৯৬ ভোট। অপর প্রার্থী প্রকৌশলী কাজী ইয়াকুব সিরাজুদ্দৌলা পেয়েছেন ২০১ ভোট।
সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলম ৮৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থি প্যানেলের প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন খালেদ পেয়েছেন ৭৪০ ভোট। অপর প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ মুনতাসির পেয়েছেন ৩১৯ ভোট।
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে বিজয়ী চারজনের মধ্যে তিনজনই বিএনপিপন্থি প্যানেলের প্রার্থী। তাঁদের মধ্যে প্রকৌশলী সেলিম মো. জানে আলম সর্বোচ্চ ১ হাজার ৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) পদে ১ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন আহমেদ। ভাইস চেয়ারম্যান (অ্যাডমিনিস্ট্রেশন, প্রফেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার) পদে ৯৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. সাখাওয়াত হোসাইন।
স্থানীয় কাউন্সিল সদস্য পদে বিএনপিপন্থি প্যানেলের ২৪ জন, জামায়াতপন্থি প্যানেলের পাঁচজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিএনপি প্যানেল থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম, আবু জাফর, সুজিত কুমার নন্দী ও মো. কামরুজ্জামান। জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী তাজুল ইসলাম, সিরাজউদ্দৌলা, ফরিদুল আলম ও খোরশেদ আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ভাস্কর দাশ গুপ্ত।
নির্বাচনে বিজয়ী হয়ে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটাররা তাঁদের ওপর আস্থা রাখায় নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে চট্টগ্রামের সব প্রকৌশলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।তিনি আরও বলেন, আগামী দিনে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রকে আরও গতিশীল ও কার্যকর করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ যৌথভাবে কাজ করবেন।