
শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে কমতে শুরু করেছে সবজির দাম। বেশির ভাগ সবজি এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা পিস। শিমের দামও মানভেদে ৬০ থেকে ৮০ টাকায় নেমে এসেছে। তবে নতুন দেশি পাকা টমেটো ও আলুর দাম এখনো তুলনামূলকভাবে চড়া। এদিকে মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও মাছের বাজারে স্বস্তি ফেরেনি।
শুক্রবার ( ১৩ নভেম্বর) রাজধানীর বাড্ডা, জোয়ারসাহারা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েক সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কমেছে। বর্তমানে শিম মানভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ভালো মানের শিমের দাম ১০০ টাকা পর্যন্ত।
পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৬০ টাকা এবং বেগুন জাতভেদে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে টমেটোর দাম এখনো বেশ চড়া। নতুন দেশি পাকা টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা এবং আমদানীকৃত টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ৮০ থেকে ১০০ টাকা কেজি হলেও পুরনো আলু পাওয়া যাচ্ছে ২৫ টাকায়ই।
এ ছাড়া বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০–২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলা ও শর্ষেশাক ১৫ টাকা, পুঁইশাক ২০–৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা, কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।
জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা জাহিদ হোসেন বলেন, ‘বাজারে এখন টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরো বাড়লে দামও কমে আসবে।’
এদিকে বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ, আদা ও রসুনের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। তবে মাছের বাজারে এখনো দামের তেমন পরিবর্তন নেই। ফলে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে।
অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।







