প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৩:৪৪ পি.এম

১৪ দলের অংশগ্রহণে জমজমাট আয়োজন; ফাইনালে ১-০ গোলে কাউন্সিলর রফিকুল ইসলাম স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন মরহুম ইমাম হোসেন স্মৃতি সংঘ।
চট্টগ্রামের আসকার দিঘী পাড়স্থ শতদল ক্লাব মাঠে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি অলিম্পিক বার টুর্নামেন্ট’। গত ১৩ নভেম্বর, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু স্মৃতি সংসদের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়াবিদ আবু মোহাম্মদ মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক দিদারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জননেতা আবুল হাশেম বক্কর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ইয়াছিন চৌধুরী লিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতদল ক্লাবের আহ্বায়ক ও জামালখান সামাজিক নিরাপত্তা পরিষদের মহাসচিব মুজিবুল হক সিদ্দিকী (বাচ্চু), বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মঞ্জুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক মনোয়ারা বেগম মনি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আশরাফুজ্জামান স্বপন, আব্দুল আহাদ স্বপন, বিশিষ্ট রাজনীতিবিদ তৌহিদুস সালাম নিশাদ, মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ সেলিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মাইনুদ্দিন খান রাজিব, কামরুল কুতুবী, সৈয়দ সাফওয়ান আলী, হৃদয় হোসেন রবি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইমরান হোসেন, মোবারক হোসেন, হেলাল মিয়া, সাজ্জাদ হোসেন বাবু, মনির হোসেন, মোহাম্মদ মনির, ফারুক আহমেদ ও আল আমিন।
টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় কাউন্সিলর রফিকুল ইসলাম স্মৃতি সংসদকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মরহুম ইমাম হোসেন স্মৃতি। বিজয়ী দল চ্যাম্পিয়ন হিসেবে ১২ হাজার টাকা এবং রানারআপ দল ৭ হাজার টাকা প্রাইজমানি লাভ করে। এছাড়াও টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সুশৃঙ্খল দলের জন্য বিশেষ ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, “বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানু ছিলেন একজন সফল রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়াবিদ। দেশমাতৃকা ও সমাজের প্রতি তাঁর অসামান্য অবদান আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর স্মৃতি ধরে রাখতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আয়োজক কমিটিকে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সানোয়ার আলী সানুর বর্ণাঢ্য কর্মময় জীবন ও সমাজের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাট নির্মাণ ও প্রশস্তকরণ, মসজিদ নির্মাণ, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশপ্রেম, রাজনীতিবিদ হিসেবে জনসেবা এবং ক্রীড়াঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।