,

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যুক্ত হবে বাংলাদেশ-অর্থমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যুক্ত হবে বাংলাদেশ-অর্থমন্ত্রী

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’

তিনি আরও বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এভ্রিথিং উইল বি অন।’

আইএমএফের কর্মসূচিতে যুক্ত হতে দেরির কারণ প্রসঙ্গে আমির খসরু বলেন, শর্তের কারণে সরকার এ কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি। আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে আইএমএফের সঙ্গে করা হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’

অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন কর্মসূচির সঙ্গে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম সমন্বয় করছে।

তিনি জানান, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা ইতোমধ্যে সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বয় করছে। সব উন্নয়ন সহযোগী বাংলাদেশের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ না করলে কাঙ্ক্ষিত উদ্যোগগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। আইএমএফও এ সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে।