নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সমাজের প্রচলিত প্রতিবন্ধকতা দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এগিয়ে আসতে পারলে কেউ তাদের নেতৃত্বের পথ আটকে রাখতে পারবে না। আর সমতাপূর্ণ সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে “নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?” শীর্ষক একটি সংলাপ ও কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সংলাপ ও কর্মশালার উদ্দেশ্য ছিল নারীদের রাজনীতিতে অংশগ্রহণে বাধা ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং রাজনৈতিক নেতৃত্বে লিঙ্গভিত্তিক মানদণ্ড নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
নারী ও তরুণ নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল ও মালালা ইউসুফজাইর মতো ব্যক্তিত্বরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও কাজের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের পথ অনুসরণ করে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নেতৃত্বে এগিয়ে আসতে হবে। নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন কিংবা পরিচয় অপরিহার্য নয়; ব্যক্তিগত যোগ্যতা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেও নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমান তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে শালীনতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের চর্চা করতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং যৌক্তিক সমালোচনা গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি হয় পরিবার থেকে।
চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও স্থানীয় সরকারব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে প্রশাসক বলেন, নগরীর সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর ‘সিটি গভর্নমেন্ট’ বা নগর সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাড়াও ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা নগরীর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত না হলে নাগরিক দুর্ভোগ কমানো কঠিন।
তিনি বলেন, সিটি কর্পোরেশন রাস্তা নির্মাণ ও সংস্কার করলেও বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ির কারণে অনেক সময় সড়ক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব সম্পর্কে অবগত না থাকায় সব দায় সিটি কর্পোরেশনের ওপর বর্তায়। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
নারী উদ্যোক্তাদের বিষয়ে তিনি বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনের জন্য বিভিন্ন স্থানে মেলা আয়োজন করতে গিয়ে একাধিক দপ্তরের অনুমতি নিতে হয়। এতে উদ্যোক্তাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়। কার্যকর নগর সরকার প্রতিষ্ঠিত হলে এ ধরনের উদ্যোগকে আরও সহজে সহযোগিতা করা সম্ভব হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব অর্জনের জন্য শুধু আবেগ কিংবা বক্তব্য যথেষ্ট নয়। পড়াশোনা, তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ এবং সমাজ ও রাষ্ট্রের বাস্তব সমস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কোন প্রতিষ্ঠানের দায়িত্ব কী, কোথায় কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, তা জানতে হবে। নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে নেতৃত্বের পথ সুগম হবে।
প্রশাসক বলেন, গণতন্ত্রের চর্চা শুরু করতে হবে নিজেদের অবস্থান থেকেই। কেউ যৌক্তিক তথ্য-উপাত্তের ভিত্তিতে সমালোচনা করলে তা স্বাগত জানাতে হবে। নিজের ভুল থাকলে তা স্বীকার করার মানসিকতা থাকতে হবে। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মন খুলে কথা বলেছেন, প্রশ্ন করেছেন এবং বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন। এ ধরনের মুক্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ই গণতন্ত্রের প্রকৃত চর্চা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ শামসুজ্জামান হেলালী; জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক, সাগুফতা বুশরা মিশমা; রাঙামাটি জেলা জজ কোর্ট-এর অ্যাডভোকেট ও মানবাধিকার কর্মী, সুস্মিতা চাকমা; চট্টগ্রামের কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ (সিপিবি)-এর সভাপতি অশোক সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান। কর্মশালাটি সিজিএস’র “রাজনীতিতে নারী ও তরুণদের ক্ষমতায়ন” শীর্ষক চলমান প্রকল্পের অংশ, যা বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে জিল্লুর রহমান বলেন, তরুণরাই সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি, অথচ নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো সীমিত। সমাজের যেকোনো অবস্থান থেকেই মানুষের সেবা করা যায়, তবে রাজনীতিতে সেই সুযোগ বেশি। কিন্তু বাংলাদেশে অনেকেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সবকিছু জয় করে নিতে চান। তরুণদের বুঝতে হবে, রাজনীতিতে অংশগ্রহণ মানে নিজেকে তৈরি না করে শুধুমাত্র স্লোগানভিত্তিক রাজনীতি করা নয়।
মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, সংসদে নারী নেতৃত্ব একটি সাংবিধানিক বিষয়। জাতীয় সংসদে সরাসরি নারীদের অংশগ্রহণ শুরু করা যেতে পারে। বাংলাদেশের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা সব ধরনের সুযোগ-সুবিধা পেলে সবাই উপকৃত হবে। বাস্তবতা নিয়ে আমাদের কাজ করতে হবে। রাজনৈতিক চর্চা যথাযথ না থাকায় আমাদের নানা সমস্যা রয়েছে। বয়সে তরুণ যারা, আপনারা বাংলাদেশে সর্বোচ্চ নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নিন। ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে আপনারা এগিয়ে আসুন।
অ্যাডভোকেট সুস্মিতা চাকমা বলেন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চনা, গভীরভাবে প্রোথিত পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সীমিত সুযোগ-সুবিধা সমাজ ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে সংকুচিত করে রেখেছে। এমনকি ক্ষমতায় থাকা ব্যক্তিরাও প্রায়ই নারী অধিকারের কথা বললেও তা অর্থবহ পদক্ষেপে রূপান্তর করেন না। রাজনীতি হওয়া উচিত জনগণের সেবার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিল বা দুর্নীতির জন্য নয়। একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা গেলে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে এবং নারীদের অংশগ্রহণ বাড়বে।
অশোক সাহা বলেন, নারীর প্রতি কেমন আচরণ করা হবে, তা নির্ভর করবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ওপর। আর এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি একটি বড় বিষয়। নারীদের প্রতি তাদের মনস্তত্ত্ব কেমন, তারা নারীদের কীভাবে দেখে, তার ওপর নির্ভর করে নারীর অবস্থান কেমন হবে। রাষ্ট্র প্রশ্রয় দেয় বলেই নারীরা বৈষম্যের শিকার হন। সবাই মিলে চাইলেই একটি সুন্দর সমাজ নির্মাণ সম্ভব।
সাগুফতা বুশরা মিশমা বলেন, রাজনীতিতে নারীদের ব্যাপক অবদান থাকা সত্ত্বেও নারীরা এখনো বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, যার শুরু হয় নিজ পরিবার থেকেই যেখানে পিতৃতান্ত্রিক মানসিকতা প্রায়ই রাজনীতিতে অংশগ্রহণকে নিরুৎসাহিত করে। নারীদের অবদানকে কেবল লোকদেখানো বা প্রতীকী প্রতিনিধিত্বের ঊর্ধ্বে উঠে মূল্যায়ন করতে হবে। নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অর্থবহ ভূমিকা প্রাপ্য। তবে অংশগ্রহণের মাধ্যমেই অভিজ্ঞতা অর্জিত হয়।
প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। তাঁদের প্রশ্নে উঠে আসে দল থেকে পদত্যাগের পর নারী নেত্রীদের প্রতি আচরণ, নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ক্ষমতায়ন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সীমিত অংশগ্রহণ এবং পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত সংকট। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
সারাদিনব্যাপী এই সংলাপ ও কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দল ও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ, নারী, রাজনৈতিক কর্মী, অধিকার কর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। দ্রুত পরিবর্তনশীল জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো শিক্ষাগত সম্প্রদায়, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে শাসনের মান উন্নত করা, বাংলাদেশের নিরাপত্তার চাহিদা পূরণ করা, দারিদ্র্য নিরসনের জন্য উপলব্ধ সম্পদের দক্ষ ও বিচক্ষণ ব্যবহার করার শর্ত তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন, এবং বর্ধিত গণতন্ত্রীকরণ, অংশগ্রহণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার স্থিতিশীলতা।