চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই, আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে লেখাপড়া, সংস্কৃতি ও খেলাধুলায় মনোযোগী হবে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে। এ জন্য মাদক, অশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ রবিবার (১৫ নভেম্বর) ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের মনোহরখালী ইকবাল রোড এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, আমাদের সন্তানরা যেন শুধু পূর্বপুরুষের পেশার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষা ও মেধার মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে, সেই সুযোগ তৈরি করতে হবে। তাদের মধ্যে বড় হওয়ার স্বপ্ন জাগিয়ে তুলতে হবে। একই সঙ্গে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করে আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হবে।
তিনি আরও বলেন, এলাকাবাসী যেভাবে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন, তা অত্যন্ত আশাব্যঞ্জক। জনগণ সম্মিলিতভাবে প্রতিবাদ করলে কোনো অপরাধী সমাজে প্রভাব বিস্তার করতে পারবে না। অপরাধ করে বুক ফুলিয়ে চলার দিন শেষ। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে কেউ পার পাবে না।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, ভালো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে, তাদের কঠোর হাতে দমন করতে হবে। প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও মাদকের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইসমাঈল বালি, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, বিএনপি নেতা ইউনুস চৌধুরী হাকিম, শফিকুল ইসলাম।
মহল্লা কমিটির সর্দার হরিলাল দাশের সভাপতিত্বে ও উত্তম দাশের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন তালপব, জসিম, তুহিন, মনোহরখালী মন্দিরের সভাপতি অধীর দাস, সাধারণ সম্পাদক দাস, প্রদীপ দাস, উত্তম দাস, আনন্দ মোহন দাস, তরণীসেন, প্রদীপ সাধু, নির্মল দাশ, সুশীল দাশ। উপস্থিত ছিলেন যুবদল নেতা সাইফুল, নাদিম রিয়াজ, স্বেচ্ছাসেবক দল নেতা মনির, মোতালেব, সুবহান, ছাত্রদল নেতা প্রিন্স মারুফ, সুব্রত আইচ, মামুন, শাকিল, সাজ্জাদ, মনোহরখালী যুব সংঘের নেতা মিন্টু, খোকন, কাজল, নয়ন, উজ্জল, পলাশ, মানিক, অমল প্রমুখ।