
বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয়তাবাদী পরিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীদের উসকানিমূলক তৎপরতা, বিক্ষোভ মিছিল ও ককটেল নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি থেকে বক্তারা ফ্যাসিবাদী অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচির সঞ্চালনায় ছিলেন চাকসুর পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহেদুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে পরিবার থেকে বিদায় নিয়ে আমরা বের হয়েছিলাম মরবো বলে। আমরা বেঁচে থাকতে ফ্যাসিবাদীদের জায়গা হবে না। আমাদের ককটেলের ভয় দেখিয়ে লাভ নাই, আমরা রাইফেল হেলিকপ্টারের গুলি স্নাইপার এগুলো কে ভয় পাইনি আর এ সমস্ত কিছুকে আমরা কিভাবে ভয় পাব! পলাতক লীগের সমর্থক যারা আছেন, আপনারা যদি আমাদেরকে এভাবে খুঁতখুঁতি করতে থাকেন আপনাদের ঘরবাড়ি থাকবে না।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা থাকবে না, তারা সবাই ফ্যাসিবাদ। ফ্যাসিবাদীর পক্ষ যারা নিবে তারাই ফ্যাসিবাদ। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রাম হয়েছে দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষার জন্য। আমরা বাংলার জনসাধারণ সবাইকে নিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়বো।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম আবদুল মাবুদ, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া, প্রভোস্ট অধ্যাপক এ.জি.এম নিয়াজ উদ্দিন, প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক ড. আবুল ফজল মো. সানাউল্লাহ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন, অধ্যাপক মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়টির অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা।







