বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি ও চাকরিসংক্রান্ত অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। তাদের কর্মসূচির কারণে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কয়েক ঘণ্টা কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ ছিল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই টার্মিনালে ক্রেন পরিচালনা বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন শ্রমিকেরা। এ কর্মসূচিতে এনসিটি ও সিসিটির শত শত কর্মী অংশ নেন। পরে তাদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও।শ্রমিকদের কর্মবিরতির কারণে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাস এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ থাকে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাকরিসংক্রান্ত পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এসব পাওনা নিশ্চিত করার পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।
শ্রমিকেরা জানান, বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চললেও তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি নেই। এ কারণে তারা কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাছে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে। অন্যদিকে, চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার।নভেম্বরের প্রথম সপ্তাহে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর টার্মিনালটির অন্তর্বর্তীকালীন পরিচালনার ব্যবস্থা নিয়ে প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘সকালে শ্রমিকেরা আন্দোলন করেছেন। কয়েক ঘণ্টা কর্মসূচি পালনের পর তারা কাজে ফিরে গেছেন। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’