অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,বর্তমান সরকারের একটি বড় কর্মসূচি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে রিসার্চের মাধ্যমে ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে বড় ধরনের সংযোগ ঘটিয়ে দেওয়া। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের গবেষণার সূচনা করতে পারব এবং ইন্ডাস্ট্রির সঙ্গে মিলে কাজ করতে পারব। এগ্রিকালচারের সঙ্গে মিলে কাজ করতে পারব, মেরিনের সঙ্গে মিলে কাজ করতে পারব বলে আশা করি।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে দেওয়া প্রধান অথিতির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হতো।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে কেক কাটা হয়। র্যালির শুরুতে শান্তির পায়রা এবং বেলুন ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
তিনি বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণাকে শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে যুক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের গবেষণার সূচনা এবং শিল্প খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ।পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল অবকাঠামোর ব্যবহার বাড়িয়ে বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টির সমৃদ্ধ অ্যালামনাই, অভিজ্ঞ শিক্ষক ও প্রাকৃতিক পরিবেশ রয়েছে। পাহাড়, সমুদ্র ও নদীবেষ্টিত এই বিশ্ববিদ্যালয়ের আলাদা সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা প্রয়োজন।
তিনি বলেন, এআই এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, এআই-এর মাধ্যমে—আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে একটি ভালো রেটিং ও বড় ধরনের জায়গায় নিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি।
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সবার প্রতি মুক্ত আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মুক্ত আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা একটি উচ্চতর পর্যায়ে কীভাবে নিয়ে যেতে পারি, তা নিয়ে আলোচনা করা দরকার। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ।

ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণাভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে।দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। গবেষণার পরিধি ও কার্যক্রম আরও সমৃদ্ধ না হলে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
মীর হেলাল বলেন, সরকারের অন্যতম পরিকল্পনা হচ্ছে গবেষণাভিত্তিক কার্যক্রম বৃদ্ধি করে দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প খাত এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।
তিনি বলেন, যত অবকাঠামোগত উন্নয়নই হোক, যত ধরনের সুযোগ-সুবিধা আমরা বৃদ্ধি করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের গবেষণাধর্মী কাজগুলো আরও সমৃদ্ধ না হচ্ছে, সেগুলোর বিস্তৃতি না ঘটছে, এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য কিন্তু সফল হবে না।
চবিতে ছাত্রাবাস নির্মাণ প্রকল্পের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কথা হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, এনিয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি রেলপথমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামীতে প্রথম ধাপে আসা নতুন লোকোমোটিভ ও ক্যারেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ বরাদ্দের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজের পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে মীর হেলাল বলেন, তাঁর বাবা ও মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পরিবারের অনেক সদস্যও এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনো প্রয়োজনে তিনি আন্তরিকভাবে পাশে থাকার চেষ্টা করবেন।তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় সবসময় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং সমৃদ্ধির ব্যাপারে সার্বিক সহযোগিতা আমাকে করেছেন, ভবিষ্যতেও করবেন।