দেশের চলমান পরিস্থিতিতে পরিবহন খাতের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের গণ ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। বিভিন্ন সময়ে পরিবহন মালিকদের যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় একদিকে যেমন মালিকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে চালক-শ্রমিক ও সাধারণ যাত্রীদের জীবনও নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে।
এমন পরিস্থিতিতে মালিকদের সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা এবং একই সঙ্গে সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
পরিষদের নবগঠিত কমিটির এক জরুরি সভায় এসব দাবি উঠে আসে। চট্টগ্রাম বিআরটিসি মার্কেট জরুরি সভা বিকাল ৫বটা অনুষ্ঠিত হয়।সভায় দেশের বর্তমান পরিস্থিতি, পরিবহন মালিক-শ্রমিকদের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, বিআরটিএতে সেবা গ্রহণের ক্ষেত্রে হয়রানি, সড়কে অবৈধ যানবাহনের চলাচল এবং পরিবহন খাতের সার্বিক শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গণপরিবহন বিভাগের মোহাম্মদ মহিউদ্দিন। পণ্য পরিবহন বিভাগের আহ্বায়ক মোহাম্মদ আজিজ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি একরামুল করিম।
গাড়িতে অগ্নিসংযোগে মালিকদের অপূরণীয় ক্ষতি
সভায় বক্তারা বলেন, একটি পরিবহন মালিকের কাছে তার যানবাহন শুধু একটি গাড়ি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে তার দীর্ঘদিনের বিনিয়োগ, ঋণ, শ্রম এবং পরিবারের আর্থিক নিরাপত্তা। একটি বাস, ট্রাক বা অন্য কোনো পরিবহন অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের শিকার হলে একজন মালিক মুহূর্তের মধ্যে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এর প্রভাব পড়ে চালক, শ্রমিক ও তাদের পরিবারের ওপরও।
তারা বলেন, কোনো আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি কিংবা পরিস্থিতির কারণে নিরীহ পরিবহন মালিক ও শ্রমিকদের সম্পদ ধ্বংস হওয়া কোনোভাবেই কাম্য নয়। যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
যাত্রী নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার
বক্তারা বলেন, পরিবহন নিরাপত্তার সঙ্গে সাধারণ মানুষের জীবন সরাসরি জড়িত। একটি যানবাহনে অগ্নিসংযোগ, হামলা কিংবা ভাঙচুরের ঘটনা শুধু মালিকের ক্ষতি নয়—সেখানে থাকা যাত্রী, চালক ও শ্রমিকের জীবনও মারাত্মক ঝুঁকিতে পড়ে।
তাই মালিক, শ্রমিক ও যাত্রী—তিন পক্ষের নিরাপত্তা নিশ্চিত করেই একটি নিরাপদ ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা পরিচালনা করতে হবে। বাসস্ট্যান্ড, গুরুত্বপূর্ণ সড়ক, টার্মিনাল ও পরিবহন চলাচলের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
বিআরটিএতে হয়রানি বন্ধের দাবি
সভায় চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে ফিটনেস, রুট পারমিটসহ বিভিন্ন কাজে গিয়ে পরিবহন মালিকদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, পরিবহন মালিকরা আইন ও বিধি মেনে যানবাহন পরিচালনা করতে চান। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে তাদের হয়রানি না করে সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চায় পরিষদ
সভায় সড়কে অবৈধ ও অনুমোদনহীন যানবাহন, মোটর রিকশাসহ বিভিন্ন অননুমোদিত পরিবহনের চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বৈধ পরিবহন মালিকরা বিভিন্ন সরকারি নিয়ম-কানুন মেনে যানবাহন পরিচালনা করেন। অথচ অবৈধ যানবাহনের অবাধ চলাচলের কারণে বৈধ পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে যানজট, দুর্ঘটনা এবং যাত্রী নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে। তাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করা জরুরি।
সভায় পরিষদের নির্বাহী কমিটির সদস্য সচিব মোহাম্মদ অলি আহমদ ও রবিউল মওলা, আহসান উল্লাহ চৌধুরী, আঞ্চলিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুসা, মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, মো. শাহজাহান, জিয়াউদ্দিন শরীফ, মিজান, নুরুল ইসলাম, সৈয়দ হোসেন, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল, মোহাম্মদ হারুন, মো. কামাল, মোহাম্মদ জাফর, মোহাম্মদ মানিক, ইসলাম উদ্দিন পিন্টু, মানিকসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পরিবহন খাতকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব করতে হলে মালিকদের বিনিয়োগের নিরাপত্তা, শ্রমিকদের কর্মনিরাপত্তা এবং যাত্রীদের জীবন ও যাতায়াতের নিরাপত্তা—সবকিছুকেই সমান গুরুত্ব দিতে হবে।
পরিষদের নেতৃবৃন্দ পরিবহন খাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ, বিআরটিএতে হয়রানি বন্ধ এবং সড়কে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সরকার ও প্রশাসনের প্রতি দ্রুত, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।