আগামীকাল ২০ নভেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা পেরিয়ে আজ তিনি দেশের রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে অধিষ্ঠিত। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তাঁর রাজনৈতিক জীবন, দেশসেবার অঙ্গীকার, রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে।
তারেক রহমানের রাজনৈতিক পথচলা কেবল একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নয়; দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তী সময়ে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে তিনি দলের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে সরকার পরিচালনা করছেন।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের অর্থনীতিকে স্থিতিশীল করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা এখন সময়ের অন্যতম দাবি।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে পরিবার কার্ড ও কৃষক কার্ড উদ্যোগ বিশেষভাবে আলোচিত হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা, কৃষিঋণসংক্রান্ত সুবিধা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নের উদ্যোগ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। পাশাপাশি সরকারি ব্যয়ে মিতব্যয়িতা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, প্রশাসনিক জবাবদিহি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কার্যকর করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ভাবনার গুরুত্বপূর্ণ অংশ। ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনায় নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের কার্যকর ভূমিকা এবং জবাবদিহির বিষয়টি গুরুত্ব পেয়েছে। এখন এসব পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রকৃত মূল্যায়ন হবে।
প্রধানমন্ত্রী হিসেবে তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখা। প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
তবে জনগণের প্রত্যাশা শুধু উন্নয়ন পরিকল্পনা কিংবা রাজনৈতিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়। মানুষ চায় নিরাপদ জীবন, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানসম্মত শিক্ষা, সহজলভ্য চিকিৎসা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মক্ষেত্র সৃষ্টি এবং দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পরিবার কার্ড, কৃষকের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ই-হেলথ কার্ড এবং শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে কয়েকটি কর্মসূচির পরীক্ষামূলক বাস্তবায়ন ও উপকারভোগী নির্বাচন সম্পন্ন হয়েছে।
পরিবার কার্ড কর্মসূচির পরীক্ষামূলক পর্যায়ে ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৫৭টি ইউনিটে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭১ হাজার ৮৩১টি পরিবারকে যোগ্য হিসেবে নির্বাচন করে পরিবার কার্ড ও ভাতা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১২ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ পর্যন্ত ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১ হাজার ৬৮১টি কৃষি ব্লকে ১৯ লাখ ২৫ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। কৃষক কার্ডসংক্রান্ত ৯ লাখ ব্যাংক হিসাব খোলা হয়েছে। প্রাক-পাইলটিং পর্যায়ে আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৪৮০ জনকে জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিতরণ করা হয়েছে ৫ কোটি ১২ লাখ টাকা।
এ ছাড়া ১ অক্টোবর ২০২৬ দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় কৃষক কার্ড কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জন্মদিন একজন মানুষের ব্যক্তিগত জীবনের বিশেষ উপলক্ষ হলেও রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা একজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটি তাঁর দায়িত্ব ও অঙ্গীকার মূল্যায়নেরও একটি উপলক্ষ। তারেক রহমানের জন্মদিনে দেশের মানুষ তাঁর কাছে প্রত্যাশা করে, রাজনৈতিক বিভেদ ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
বাংলাদেশের মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে উন্নয়ন, সুশাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে। জন্মদিনে তাঁর প্রতি শুভকামনার পাশাপাশি জনগণের প্রত্যাশা—দেশসেবার অঙ্গীকার বাস্তবায়িত হোক মানুষের কল্যাণে, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হোক জবাবদিহি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠুক একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ।