বিএনপি কখনও সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার-নির্যাতন করবে না বলে অঙ্গীকার করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে শ্রীকৃষ্ণের রাস মহোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ মহিউদ্দিন বলেন, অতীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সনাতনী সম্প্রদায়ের সম্পদ লুণ্ঠন করেছেন। ঢাকেশ্বরী মন্দিরের অনেক সম্পত্তি এখনও আওয়ামী লীগের দখলে রয়েছে। এসব সম্পত্তি উদ্ধারে বিএনপি কাজ শুরু করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো তাঁর উত্তরসূরি তারেক রহমানও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে তিনিও সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করেন।
নলুয়া রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডা. অজয় দাশের সভাপতিত্বে এবং লিটন আইচের সঞ্চালনায় ধর্মসভায় বিশেষ অতিথি ছিলেন, নলুয়া ডি.এল. কারণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. রানা চৌধুরী, মোদ্দাচ্চির বিন ইসমাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোদ্দাচ্চির বিন ইসমাইল, বিজন মজুমদার, দীপক কান্তি দাশ, আবু তাহের বিএসসি ও হাসান আলী।
উদ্বোধক ছিলেন, উদযাপন পরিষদের উপদেষ্টা গোপাল কৃষ্ণ দাশ। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন রূপম চক্রবর্তী ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন কাজল পালিত।
সভাপতির বক্তব্যে ডা. অজয় দাশ বলেন, সনাতনী সম্প্রদায় বাংলাদেশে কারও অনুকম্পা নিয়ে বাঁচতে চায় না। রাষ্ট্রের অন্যান্য নাগরিকের মতো জন্মগত অধিকার ও সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায় তারা। এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না।