,

চট্টগ্রাম বন্দরের সিসিটি ৬ মাসের জন্য বুঝে নিল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

চট্টগ্রাম বন্দরের সিসিটি ৬ মাসের জন্য বুঝে নিল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১২টায় এভারেস্ট পোর্ট সার্ভিসেস ছয় মাস সিসিটি পরিচালনার দায়িত্বভার বুঝে নেন। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

দীর্ঘ দিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল আওয়ামী ব্যাবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ সাইফ পাওয়ারটেককে কাজ চালিয়ে যেতে বলা হয়। এর মধ্যে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগে ১৭ নভেম্বর সীমিত দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। ১৯ নভেম্বর দরপত্র জমা দেয় চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার দর দেয় এভারেস্ট,বি অ্যান্ড এম-ওশেনিয়া জেভি ৪০ কোটি ৪০ লাখ টাকা, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ৪২ কোটি ৭১ লাখ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ টাকার দর প্রস্তাব করে। সে হিসাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন দরদাতার মধ্যে ব্যবধান প্রায় ১৪ কোটি ৩ লাখ টাকা।
মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানটিকেই কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।এভারেস্ট বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ অপারেটর হিসেবে কাজ করে। এই প্রথম প্রতিষ্ঠানটি সিসিটি পরিচালনার দায়িত্ব পেল। তবে অপারেটর নিয়োগের জন্য দরপত্র আহ্বান থেকে প্রস্তাব জমা পর্যন্ত খুব কম সময় দেওয়ায় শুরু থেকেই প্রক্রিয়াটি নিয়ে বন্দরে আলোচনা ছিল।
শিপ হ্যান্ডলিং অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বলেন, সিসিটি পরিচালনায় আগ্রহ জানিয়ে তারা একাধিকবার বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কিন্তু দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।তিনি বলেন, আমরা সিসিটি পরিচালনার আগ্রহ জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছি। প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এত অল্প সময়ে দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করার কোনো নজির বন্দর কর্তৃপক্ষ দেখাতে পারবে না।
তবে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, প্রতিযোগিতামূলক এলটিএম পদ্ধতিতে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে বাছাই করা হয়েছে। তারা ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠানটি সিসিটির দায়িত্ব নেন।