,

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই

নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে বিভিন্ন ধরনের ঘোষণা আসতে থাকলেও দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‍“আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) নাশকতা বা অস্থিতিশীলতা নিয়ে নানা ধরনের গুজব ও বক্তব্য ছড়ানো হচ্ছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি- এই ধরনের কোনো ডেট নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

তিনি বলেন, “এ রকম ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও শুনেছেন। এ ধরনের ঘোষণার টাইম-এ এগুলো আসতে থাকবে, যেতে থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই।”

আরসিবির এই কর্মকর্তা জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নাশকতায় সম্পৃক্ত অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাহসী ভূমিকা রাখতে হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য তারা একটা দাবি করেছে। আন্দোলন এই পর্যন্ত যৌক্তিক। কিন্তু, এই আন্দোলনের পেছনে থেকে বা এই আন্দোলনের কাভার হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনেরই বক্তব্য আসছে। এদের মধ্যে যারা ককটেল বিস্ফোরণ করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে তাদের বড়সংখ্যকদের গ্রেপ্তার করা হয়েছে। যারা পলাতক রয়েছে তাদেরও আইনের আওতায় আনার অভিযান অব্যাহত আছে।”