ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর অভ্যন্তরেও বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, অভ্যন্তরীণ তথ্য পাচার এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে বুধবার (২৫ নভেম্বর) সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে পাঁচটি জেলা সীমান্তবর্তী। এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়। পুলিশের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব দিয়ে মাঠপর্যায়ে বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে।
এদিকে আবদুল হাসান নামে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ি থেকে পুলিশের ৩৩তম ব্যাচের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মো. কাবুল হাসানকে হেফাজতে নেওয়া হয়েছে। দুই কর্মকর্তারই গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আগে তাঁরা ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।
বাহিনীর অভ্যন্তরে নজরদারি বাড়ানোর বিষয়টি বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা ষড়যন্ত্রে লিপ্ত। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
অভ্যন্তরীণ নজরদারি কেন
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো তদন্ত করতে গিয়ে বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি সেখানে অবস্থানরত কয়েকজন পুলিশ সদস্যের নামও পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের কারণে বিদেশে পলাতক কিছু পুলিশ কর্মকর্তা দেশে কর্মরত সদস্যদের ফোন করে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পুলিশ বাহিনীর ভেতর থেকেও গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করা হচ্ছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে দেশে কর্মরত কয়েকজন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে রয়েছেন আরও একজন।
প্রথমে গ্রেপ্তার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ১৪ নভেম্বর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। পাঁচলাইশ থানায় দায়ের করা ওই মামলায় বলা হয়েছে, ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন ব্যবহার করে জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ তথ্য আওয়ামী লীগের নেতাদের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে।
দুই দিন আগে হেফাজতে নেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে। তিনি এসআরবি-১৪-তে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্রে (এএসটিসি) কর্মরত রাকিবুলের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বুধবার বিকেলে জানান, রাকিবুল হাসানকে ঢাকায় আনতে ডিবির একটি দল খাগড়াছড়িতে গেছে। তাঁকে ঢাকায় আনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে খাগড়াছড়ি পুলিশ ও এএসটিসির একাধিক সূত্র জানিয়েছে, রাকিবুলকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তাঁকে আটক করার বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি গোপালগঞ্জের যে দুটি থানায় আগুন দেওয়া হয়েছিল, তার একটি মুকসুদপুর। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ কর্মকর্তা আবুল হাসানের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের গ্রেপ্তারের ক্ষেত্রে এসব অভিযোগও সামনে আসছে। তবে এত দিন পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে সাম্প্রতিক নাশকতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্যও ভূমিকা রাখছে বলে সূত্রগুলো জানিয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য অনুযায়ী, গত সপ্তাহেও ৩১তম বিসিএসের একজন পুলিশ কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই কর্মকর্তার বাড়ি নেত্রকোনায় এবং শ্বশুরবাড়ি গোপালগঞ্জে। তাঁর শ্বশুর আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্যসচিব ছিলেন। সূত্রটির ভাষ্য, জিজ্ঞাসাবাদ শেষে ওই কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ডিবি নিজেদের কাছে রেখেছে।
জেলায় নেতৃত্ব বদলের নেপথ্যে
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, জেলা পুলিশের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবার অনেক কর্মকর্তা জেলায় দায়িত্ব পালনের পরও প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছেন না। তাঁদেরও পর্যায়ক্রমে জেলা পুলিশের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।
এর আগে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁয় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এসব জেলার মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ সীমান্তবর্তী। অন্যদিকে নড়াইলে সাম্প্রতিক হামলায় বিএনপির দুই নেতা নিহত হন। এর জেরে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নড়াইলের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের উপকমিশনার তৌহিদুল আরিফ।
এর আগে গত মঙ্গলবার পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে দুজন উপমহাপরিদর্শক (ডিআইজি), চারজন অতিরিক্ত ডিআইজি এবং আটজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
ডিসেম্বর পর্যন্ত সতর্কতা
পুলিশের বাড়তি প্রস্তুতির পেছনে রয়েছে নভেম্বরের প্রথম তিন সপ্তাহের অভিজ্ঞতা। আওয়ামী লীগ অনলাইনে ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল। যদিও প্রকাশ্যে দলটির পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে এর আগেই ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছিল।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্রের দাবি, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে আরও হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পুলিশের আশঙ্কা, এবার সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতারাও হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। সম্ভাব্য ঝুঁকির বিষয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিজিবির সঙ্গে সমন্বয় করে টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া ঢাকাসহ আট জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচিকে ঘিরে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঝুঁকি থাকতে পারে। এ সময়কে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বুধবার বলেন, পুলিশের কোনো সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা, ষড়যন্ত্র কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য যাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাঁদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
কামারুম মুনিরা বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা, চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা এবং অপরাধের ধরন অনুযায়ী ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’