চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও পৌরবাসীর কাছে ৩০ লাখ টাকার বেশি পৌরকর বকেয়া পড়ে রয়েছে। এর মধ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠানের কাছেই বকেয়া রয়েছে প্রায় ২৮ লাখ টাকা। বকেয়া কর পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দফায় দফায় চিঠি দিয়েও কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না পৌর কর্তৃপক্ষ। অন্যদিকে, পৌরসভার শত শত হোল্ডিং মালিকও নিয়মিত কর পরিশোধ করছেন না। ফলে রাজস্ব আয় কমে যাওয়ায় আর্থিক সংকটের মুখে পড়েছে পৌরসভা। এর প্রভাব পড়ছে উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে।
পৌরসভা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বকেয়া পৌরকরের বড় একটি অংশ সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে জমে আছে। এর মধ্যে সাতকানিয়া উপজেলা পরিষদের কাছেই ২৮ লাখ টাকার বেশি পৌরকর বকেয়া রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়মিত পৌরকর পরিশোধ করলেও অন্য দুটি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া কর আদায় করা সম্ভব হচ্ছে না। এসব প্রতিষ্ঠানের কাছে বারবার তাগিদপত্র পাঠানো হলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
পৌরসভার তথ্য অনুযায়ী, বর্তমানে সাতকানিয়া পৌরসভায় হোল্ডিংয়ের সংখ্যা প্রায় ১০ হাজার ৫০০টি। এর মধ্যে প্রায় ১০ হাজার হোল্ডিং মালিক নিয়মিত পৌরকর পরিশোধ করছেন। বাকি প্রায় ৫০০ হোল্ডিংয়ের বিপরীতে কর বকেয়া রয়েছে। এসব বকেয়া আদায়ে বিভিন্ন সময়ে মাইকিংসহ নানা উদ্যোগ নেওয়া হলেও আশানুরূপ সাড়া মিলছে না।
২০০৩ সালে ৯টি ওয়ার্ড ও ৫টি মৌজা নিয়ে সাতকানিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ পৌরসভার জনসংখ্যা ৬০ হাজারের বেশি। বিপুলসংখ্যক মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে নিয়মিত অর্থের প্রয়োজন। কিন্তু পৌরসভার অন্যতম প্রধান আয়ের উৎস পৌরকর আদায়ে অনীহা ও সরকারি প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
পৌরসভার কর আদায়কারী মোহাম্মদ জামশেদুল হক বলেন, সরকারি তিনটি প্রতিষ্ঠানের কাছেই বিপুল অঙ্কের পৌরকর বকেয়া রয়েছে। এসব বকেয়া আদায় করা সম্ভব হলে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করা যেত। বকেয়া কর আদায়ের জন্য বিভিন্ন সময়ে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে পৌরসভার পৌর প্রকৌশলী ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা গৌতম দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো তথ্য বা বক্তব্য দেওয়া সম্ভব নয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পৌর প্রশাসক রাজিব দাশ পুরকায়স্থ বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর উপজেলা পরিষদের কাছে পৌরকরের বড় অঙ্কের বকেয়া থাকার বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন। আশা করছেন, শিগগিরই বাজেট বরাদ্দ পাওয়া গেলে উপজেলা পরিষদের বকেয়া পৌরকর পরিশোধের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, পৌরসভার নিজস্ব জায়গা ভাড়া নেওয়ার বিষয়টি সত্য। পৌরসভার বাইরে নিজস্ব জমি রয়েছে। এ ছাড়া জমি কেনার বিষয়ে স্থানীয় সরকার বিভাগের পৌরসভা উইংয়ে চিঠি দেওয়া হয়েছে এবং সেখান থেকে জমি ক্রয়ের বিষয়ে চিঠিও পাওয়া গেছে। এ নিয়ে দ্রুত কাজ শুরু করা হবে।
বকেয়া পৌরকরের বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে এখনো নেই উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌর আইন পর্যালোচনা করে গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে। এ মুহূর্তে কাগজপত্র যাচাই ছাড়া সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব নয়।
সংশ্লিষ্টদের মতে, পৌরসভার আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানের কাছেই যখন বিপুল অঙ্কের পৌরকর বকেয়া পড়ে রয়েছে, তখন সাধারণ করদাতাদের কাছ থেকে নিয়মিত কর আদায় নিশ্চিত করাও পৌর কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বকেয়া আদায় ও রাজস্ব ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না নিলে পৌরসভার উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মান আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।