সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের নিচে চাপা পড়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডিপোর অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল আজম চৌধুরী ডিপোটির স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ডিপোর ভেতরে একটি ট্রেইলারের নিচে চাপা পড়েন শহিদুল আজম। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ওই কর্মচারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানতে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫১ জন নিহত হন। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ১৩ জন কর্মীও ছিলেন।