
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফেরাতে চায় সরকার। এর মাধ্যমে তাদের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এ জন্য মাধ্যমিক ও বিদ্যালয় পর্যায় থেকে খেলাধুলার কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। স্কুল পর্যায়ে পাঁচটি খেলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে রসুলবাগ বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত মরহুম আহমদ হোসেন স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। দীর্ঘদিন অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের প্রতিভার প্রমাণ দিলেও অনেক ক্ষেত্রে তারা যথাযথ সামাজিক ও আর্থিক মূল্যায়ন পান না। এ অবস্থার পরিবর্তনে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিভাবান খেলোয়াড়রা যেন খেলাধুলার মাধ্যমে সম্মানজনক পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা পান, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
আবু সুফিয়ান বলেন, প্রতিটি প্রতিযোগীতায় জয়-পরাজয় থাকবে। তবে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানসিকতাই একজন প্রকৃত খেলোয়াড়ের পরিচয়। প্রতিযোগিতার মধ্য দিয়েই যোগ্য ও মেধাবীরা উঠে আসবে।
তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে প্রতিযোগিতার স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হয়েছিল। একটি খেলায় রেফারি যদি এক পক্ষের হাত-পা বেঁধে রেখে অন্য পক্ষকে গোল করার সুযোগ দেন, তাহলে সেটি প্রকৃত খেলা হতে পারে না। একইভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সুষ্ঠু ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। যোগ্যতার ভিত্তিতেই প্রত্যেকে যেন নিজের অবস্থান তৈরি করতে পারে, সেই সুযোগ থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
আবদুর রহিমের সভাপতিত্বে এবং মোবারক হোসেন ও মো. শাহীন-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিম চৌধুরী, জিয়াউল হক মিন্টু, ইসমাইল হোসেন লেদু, আলী হোসেন সাহেব প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ।







