,

আওয়ামী লীগের নাশকতার রাজনীতি আর চলতে দেওয়া হবে না: ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ

আওয়ামী লীগের নাশকতার রাজনীতি আর চলতে দেওয়া হবে না: ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর (রবিবার) বিকেলে ঐতিহাসিক মুরাদপুর চত্বরে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে এবং চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ উদ্দিন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল ও মোঃ আলমগীর এবং সদস্য মোঃ হাসান ও সাজ্জাদ খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “দেশব্যাপী সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের নাশকতার রাজনীতি আর চলতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে। অতীতের অপকর্মের রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ জনগণ দিতে চায় না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে যেকোনো নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে হবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টুসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মুরাদপুর চত্বরের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।