
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বলেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন আইজিপি।
সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে জনগণকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আইজিপি বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। থানায় দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে তদন্তের গুণগত মান উন্নয়নের নির্দেশনাও দেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। বিশেষ করে অপমৃত্যুর মামলাসহ সব মামলার তদন্ত দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়া মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর নির্দেশনা দেন।
সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও অপহরণসংক্রান্ত মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মুলতবি গ্রেফতারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়েও পর্যালোচনা করা হয়।
সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা সভায় অংশ নেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।







