আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকাল শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল।

বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে ২৭ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। ওই সময় বলা হয় এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা হবে।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন আর পুলিশ তার বুকে একের পর এক গুলি করছে। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email