জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি এই আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিশ্বশান্তি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বাংলাদেশ সবসময় বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে আগ্রহী।

দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর বার্তা দিয়ে বলেন, তাঁর সরকারের প্রধান লক্ষ্য হলো রাষ্ট্রীয় সব স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা। বিশেষ করে প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি মোকাবিলায় সর্বোচ্চ কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইফতার মাহফিলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক উত্তেজনার এই সময়ে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান জোরালো করতেই এই আয়োজন করা হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email