ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন তিলোত্তমা মহানগরী হিসেবে গড়ে তুলতে ঢাকার দুই সিটি করপোরেশনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে এই নির্দেশ প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী তাঁর নির্দেশনায় ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিকে আরও আধুনিক ও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এই কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নিতে পবিত্র ঈদুল ফিতরের পরপরই পুরোদমে কাজ শুরু করার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।

বর্জ্য অপসারণ প্রক্রিয়ায় স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কেবল বিদেশের ওপর নির্ভর না করে সেগুলো দেশেই কীভাবে প্রস্তুত করা যায়, তা নিয়ে পরিকল্পনা ও গবেষণা করতে হবে। স্থানীয়ভাবে এসব যন্ত্র তৈরির উদ্যোগ নিতে দুই সিটি প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ঢাকাবাসীকে একটি বাসযোগ্য শহর উপহার দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email