
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ নুরুল আলম নুরুর ৯ম শাহাদাৎবার্ষিকী আজ ৩০ মার্চ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাউজানসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, কোরআন খতম, আলোচনা সভা ও স্মরণসভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রামের চন্দনপুরা এলাকার বাসা থেকে সাদাপোশাকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে গুলিবিদ্ধ ও হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ৩১ মার্চ চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালে সাবেক সংসদ সদস্যসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন, “ছাত্রনেতা নুরুল আলম নুরুর নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, “দীর্ঘদিনেও এ হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়া দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গত বছরগুলোতে সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলোরও বিচার দাবি করেন।”







