মাদকমুক্ত দেশ গড়তে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত দেশ গড়তে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব কঠোরভাবে পালন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে খুব শিগগিরই দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বর্তমানে অনলাইন জুয়া ও সাধারণ জুয়ার ভয়াবহ বিস্তারকে একটি সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করেন মন্ত্রী। তিনি বলেন, জুয়ার এই ভয়াবহতা থেকে সমাজকে বাঁচাতে সরকার ইতোমধ্যে গবেষণামূলক কাজ শুরু করেছে। এ সমস্যা নির্মূলে শিগগিরই কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

মানবপাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু নির্দিষ্ট পয়েন্টে মানবপাচারের সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। এ অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তসহ সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযানের মাধ্যমে মানবপাচারকারীদের মূলোৎপাটন করা হবে।

এ সময় অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, অপরাধী যেখানেই থাকুক, তাদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। জনগণের সচেতনতা ও সঠিক তথ্যের মাধ্যমেই একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠন করা সম্ভব।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email