
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। কৃষক, শ্রমজীবী মানুষ, মা-বোন ও আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করাই এই সরকারের মূল লক্ষ্য। আমাদের একমাত্র উদ্দেশ্য দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে কৃষির গুরুত্ব তুলে ধরে বলেন, এদেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশের প্রায় ৪ কোটি পরিবারের কেউ না কেউ কৃষিকাজের সাথে যুক্ত। তাই কৃষক সচ্ছল ও ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের প্রথম সপ্তাহেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
তারেক রহমান জানান, প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষকের কাছে কার্ডের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়া আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যাতে বন্যার অতিরিক্ত পানি ধরে রেখে পরবর্তী সময়ে কৃষি ও অন্যান্য কাজে ব্যবহার করা যায়।
নারীদের উন্নয়নে সরকারের বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে দেশের সকল নারী প্রধান পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে সরকার।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, এখন সময় দেশ গড়ার। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বিএনপির নেতৃত্বে বর্তমান সরকার একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখেই সরকার কাজ করে যাচ্ছে।







