
শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি প্রক্রিয়া সহজ করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যা সফটওয়্যারনির্ভর হবে। এই ব্যবস্থা চালু হলে এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, শুধু শিক্ষক নয়, প্রধান শিক্ষক বা হেড মাস্টারদের ক্ষেত্রেও বদলির সুযোগ রাখা হবে। বর্তমানে এ সংক্রান্ত সফটওয়্যার উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন এবং বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত পর্যালোচনার পর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে হেড মাস্টারের পদ শূন্য হলে প্রয়োজন অনুযায়ী দ্রুত বদলির ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। নতুন নীতিমালার আওতায় কর্মচারী থেকে শিক্ষক, সবার জন্য একই কাঠামো নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







