চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু, ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: চবি উপাচার্য

চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু, ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে একযোগে সব বিভাগে ওবিই কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে। নতুন পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন উপাচার্য। নতুন কারিকুলাম পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

রবিবার (৩ মে ২০২৬) বেলা ১১টায় বিভাগের সেমিনার কক্ষে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, তোমরা এ বিভাগে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এ বিভাগের গৌরবময় ইতিহাস রচিত হয়েছে, সামনে তোমাদের হাত আরও রচিত হবে। এ অর্জনের পিছনে রয়েছেন এ বিভাগের সম্মানিত শিক্ষকরা। এখন সময় তোমাদের নিজেকে প্রমাণ করার। নিজের ভিতরের প্রতিভা জাগিয়ে তোলো, নিজের দক্ষতা কাজে লাগাও, দেখবে তুমি সফল হবেই। মাননীয় উপাচার্য নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা জানান। এছাড়া উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই পথই রয়েছে, তোমাকে ইতিবাচক পথ বেছে নিয়ে সফলভাবে পড়াশোনা শেষ করতে হবে। সভাপতির বক্তব্যে বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সবাইকে আলোকিত মানুষ হওয়ার পরামর্শ দেন।

এসময় বিভাগের সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. লুলু ওয়াল মরজান, প্রফেসর ড. এস.এম. রফিকুল ইসলাম, প্রফেসর ড. নাজনীন নাহার ইসলাম, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. এ.এম. আবু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. আদনান মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মহব্বত হোসেন ও আফরোজা আকতার তন্বী। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, বর্তমান ও নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। অর্ডিন্যান্স ও ওবিই কারিকুলাম বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ড. মো. মাহবুব হাসান। এসময় বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email