
সোশ্যাল মিডিয়া এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বর্তমান মায়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার রাজধানীর মহাখালীতে গরবিনী মা ২০২৬ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জেনারেশন জেড বা জেন-জিদের দিকনির্দেশনা দেওয়া মায়েদের জন্য ক্রমেই কঠিন হয়েছে। আগের মতো সন্তানদের নিয়ন্ত্রণ বা সঠিক পথে রাখা ভবিষ্যতের মায়েদের জন্য আরও জটিল হয়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন নতুন জ্ঞানের সর্বোত্তম ব্যবহার করে যাতে নতুন প্রজন্ম এগিয়ে যায়, সেই আহ্বান জানান মন্ত্রী।
এ অনুষ্ঠানে সন্তানের সাফল্যে নেপথ্যের কারিগর হিসেবে অবদান রাখায় ১১ জন মায়ের হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মায়েদের সংগ্রামের গল্প আর সন্তানদের কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্তগুলো এক ভিন্ন আবহ তৈরি করে। মায়েদের এই অবদানের স্বীকৃতি হিসেবে গরবিনী মা সম্মাননা দিয়ে আসছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এ বছর ছিল গরবিনী মা সম্মাননার ১৩তম আয়োজন।
সম্মাননা পাওয়া মায়েরা হলেন : প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম; আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরিশালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ; আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের মা মোসা. রাজিফা আজাদ; শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হকের মা সেলিমা হক; সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ; চিকিৎসা ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ; সংগীত ক্যাটাগরিতে চ্যানেল আই-সেরাকণ্ঠ ২০০৯ চ্যাম্পিয়ন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের মা সায়মা মনির মিনু; অভিনয় (নারী) ক্যাটাগরিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন; অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নাট্যাভিনেতা, মডেল ও পরিচালক জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত খাইরুম ইসলামের মা শিরিন আক্তার।







