বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূলে না থাকায় বেশ কিছু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল, বিলম্ব এবং ডাইভার্ট করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (২৬ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা (বিজি ১৩৮) ফ্লাইটটি নির্ধারিত সময়ে চট্টগ্রামে নামতে না পেরে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর ২টা ১মিনিটে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রামে ফিরে আসে এবং বিকাল ৩টা ২০মিনিটে অভ্যন্তরীণ রুটের যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

 

এদিকে, আন্তর্জাতিক অন্যান্য ফ্লাইটের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা (বিএস-৩৪২) ফ্লাইটটি সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ফ্লাইদুবাই-এর চট্টগ্রাম-দুবাই ( এফডিবি-৫৬৪ FDB-) ফ্লাইটটিও নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টা বিলম্বের পর বেলা ১২টা ১৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে।

 

আবহাওয়াজনিত কারণে অভ্যন্তরীণ রুটে দুর্ভোগ আরও বেড়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (বিএস-১০৫) রুটের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে নিশ্চিত করা হয়েছে।

 

হঠাৎ এই ফ্লাইট বিপর্যয় ও বিলম্বের কারণে অনেক যাত্রী বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন, যা সাধারণ যাত্রীদের মধ্যে সাময়িক ভোগান্তির সৃষ্টি করেছে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন এবং যাত্রীদের সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email