‘সাহস থাকলে সালমানকে নিষিদ্ধ করে দেখান’

'সাহস থাকলে সালমানকে নিষিদ্ধ করে দেখান’

ডন ৩’ ছবি থেকে রণবীর সিং আচমকা সরে দাঁড়ানোর পর থেকে বিতর্ক দানা বেঁধেছে। তাঁর এই অপেশাদারসুলভ আচরণ মানতে পারেননি ছবির পরিচালক ও প্রযোজক ফারহান আখতার। ফারহানের দাবি, রণবীরের এ সিদ্ধান্তে তাঁর ৪৫ কোটি রুপি আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ফারহান অভিনেতার বিরুদ্ধে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজে (এফডব্লিউআইসিই) অভিযোগ দায়ের করেন। এরপর এফডব্লিউআইসিই রণবীরকে ‘নিষিদ্ধ’ করে দেয়। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন রাখি সাওয়ন্ত।

তিনি অভিনেতা রণবীর সিংয়ের সমর্থনে কথা বলেন। শুধু তা–ই নয়, চলচ্চিত্রনির্মাতা ফারহান আখতারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন অভিনেত্রী।

রাখি সাওয়ন্ত তাঁর আলটপকা কথার জন্য পরিচিত। এফডব্লিউআইসিইয়ের তরফে রণবীরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর রাখি বলেন, ‘আমি তাদের নিন্দা করছি, যাঁরা রণবীরকে ‘ব্যান’ করেছে। আমার খুব রাগ হচ্ছে, কারণ, ও একজন সুপারস্টার। সবাই রণবীরকে হিংসে করে। যদি এতই ক্ষমতা থাকে, তাহলে সালমান খানকে ‘নিষিদ্ধ’ করে দেখান, আমার ভাইকে। একেকজনকে তুলাধোনা করবেন সালমান ভাই। দীপিকা আর রণবীর দুজনেই নিজেদের পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছেন।’

‘বিগ বস’খ্যাত রাখি রণবীরের পক্ষ নিয়ে আরও বলেন, ‘মানুষ ওকে হিংসে করে, কারণ, ও একের পর এক সুপারহিট ছবি দিয়েছে। আজকের সময়ে ওর কাছে সবকিছু আছে। যদি কারও সাহস থাকে, তাহলে সালমান খানকে ‘নিষিদ্ধ’ করে দেখাক। ফারহানের ছবিগুলো সুপারহিট হয়নি। রণবীরের মতো প্রচারও পাননি তিনি। তাই এখন রণবীরের নাম ব্যবহার করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন ফারহান।’

‘ডন ৩’ ছবিকে ঘিরে গত কয়েক দিন বিতর্ক চলছে। এফডব্লিউআইসিইয়ের দাবি, রণবীরকে বারবার ডেকে পাঠানো হয়েছিল। সংস্থার পক্ষ থেকে একাধিকবার মনে করিয়ে দেওয়া সত্ত্বেও রণবীর তাদের সামনে হাজির হননি। ফারহানের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর পক্ষ থেকে দায়ের করা অভিযোগের জবাবেও রণবীর কোনো প্রতিক্রিয়া জানাননি এবং নিজের পক্ষও রাখেননি। তবে কয়েক দিন আগেই রণবীরের টিমের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এই বিবৃতিতে বলা হয়েছে, ‘রণবীর সিং চলচ্চিত্রজগৎ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করেন। ‘ডন ৩’-কে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পুরো সময়েই তিনি সচেতনভাবেই নীরবতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, তাঁর বিশ্বাস, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো মর্যাদা, পরিণত মানসিকতা এবং পারস্পরিক সম্মানের সঙ্গে পরিচালনা করা উচিত।

এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের বয়ান ও জল্পনা-কল্পনা সামনে এলেও রণবীর কখনো মনে করেননি যে এ বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো বা কোনো অনুমাননির্ভর আলোচনায় অংশ নেওয়া প্রয়োজন। অভিনেতার মনোযোগ সম্পূর্ণভাবে তাঁর কাজ এবং সামনের প্রতিশ্রুতিগুলোর ওপরই নিবদ্ধ রয়েছে।

এ ঘটনার সঙ্গে যুক্ত সবার প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা বজায় রেখেছেন এবং আন্তরিকভাবে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। এমন পরিস্থিতিতে সংযম ও সৌজন্য বজায় রাখা সব সময়ই তাঁর সচেতন সিদ্ধান্তের অংশ ছিল এবং ভবিষ্যতেও তিনি একই অবস্থান বজায় রাখবেন।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email