
প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম অদ্য ১লা জুন চট্টগ্রাম ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব ভারগ্রহন করেছেন।স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিজ মনোয়ারা বেগম এর নিকট থেকে তিনি এই দায়িত্বভার গ্রহন করেছেন।চট্টগ্রাম ওয়াসার নব নির্মিত ভবনের ৩য় তলাস্থ বোর্ড রুমে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মিজ মনোয়ারা বেগমকে বিদায় এবং নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী সেলিম মোঃ জানে আলমকে বরন করে নেয়া হয়।
চট্টগ্রাম ওয়াসার সচিব মিজ শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার বর্তমান ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচাল কদ্বয় , উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/প্রকৌশল/অর্থ), বানিজ্যিক ব্যবস্থাপক,প্রধান প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সর্বস্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ওয়াসার এমডি প্রকৌশলী জানে আলম সেলিম বলেন,সবার আগে বাংলাদেশ” এ চেতনায় উদ্বুদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়: নিষ্কাশনের মত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সেবাধর্মী প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াসার যে দায়িত্বভার অর্পণ করা হয়েছে আজ ১ জুন , সোমবার তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলাম। বানিজ্যিক রাজধানীর বিপুল জনগোষ্ঠীকে যথাযথ সেবা প্রদানের সুযোগ দেয়ায় মাননীয় এলজিআরডি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এলজিআরডি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ আমার কাছে আনন্দ আর গৌরববোধের চেয়ে এ সরকারের জনকল্যাণমূখী লক্ষ্য অর্জন ও গ্রাহকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাকে মূলতঃ একটি চ্যালেঞ্জ হিসেবেই গ্রহন করেছি। চট্টগ্রাম ওয়াসার দায়িত্ব গ্রহনের সুদীর্ঘ পথ পরিক্রমায় যে সকল শুভার্থী, সহকর্মী বন্ধু ও প্রিয়জনেরা সহযোগিতা ও শুভকামনায় সর্বদা পাশে ছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা রইলো। চট্টগ্রাম ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অনিয়ম- বিশৃঙ্খলা দূর করে সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যমাত্রা অর্জনের এ মহতি প্রচেষ্টায় সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।







