বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল ও কার্যকর করতে ৪৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড। ব্যাংক খাতের সংস্কার, আমানতকারীদের সুরক্ষা এবং আর্থিক খাতের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ অর্থায়ন করা হচ্ছে।

বুধবার (২৪ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এই অর্থায়নের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ এর আওতায় ঋণের অর্থ ব্যয় করা হবে। প্রকল্পের মাধ্যমে ছোট আমানতকারীদের সুরক্ষায় আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারে সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া আমানত সুরক্ষা তহবিলের মূলধন বৃদ্ধি, জরুরি তারল্য সহায়তা কাঠামো গঠন, ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং ব্যাংক রেজল্যুশন ব্যবস্থার ভিত্তি তৈরিতেও প্রকল্পটি ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, দুর্বল করপোরেট গভর্ন্যান্স, নিয়ন্ত্রক ব্যবস্থার সীমাবদ্ধতা এবং অনিয়মিত ঋণ বিতরণের কারণে দেশের ব্যাংকিং খাত বর্তমানে বড় ধরনের চাপের মধ্যে রয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার গড় হার ৭ দশমিক ৯ শতাংশের তুলনায় অনেক বেশি। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর শেষে পুরো ব্যাংক খাতে ঝুঁকি-ভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, বাংলাদেশের অর্থনীতিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প ব্যাংকিং খাতে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে এনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email