চট্টগ্রামে পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২৬ প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রামে পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২৬ প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন

বাংলাদেশ পুলিশের মূলমন্ত্র “সেবার ব্রতে চাকরি”-কে ধারণ করে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর তিন দিনব্যাপী কাগজপত্র যাচাইকরণ, শারীরিক মাপ এবং Physical Endurance Test (PET)-এর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৭ জুন ২০২৬ থেকে পুলিশ লাইন্স, চট্টগ্রামে শুরু হওয়া এ কার্যক্রমে আবেদনকারী ১,৬৫২ জন প্রার্থীর কাগজপত্র যাচাইকরণ, শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা গ্রহণ করা হয়। তিন দিনের প্রাথমিক বাছাই শেষে ৬১৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সমগ্র কার্যক্রম তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম।

কাগজপত্র যাচাইকরণ, শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষে পুলিশ সুপার মহোদয় যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ একটি সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এ সময় তিনি সকল প্রার্থীর আন্তরিক সহযোগিতা, ধৈর্য ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরিত এসএমএস নিয়মিত অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email