শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশ গঠন ও উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে -মিসেস নওশীন আরজান হেলাল

 শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশ গঠন ও উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে -মিসেস নওশীন আরজান হেলাল

‘মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশ গঠন ও উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে’। আজ ২৯/০৬/২০২৬খ্রি. উত্তর চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মিসেস নওশীন আরজান হেলাল একথা বলেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী শাহীন-এর সভাপতিত্বে এবং অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য ও প্রভাষক মিসেস মোসফেকা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরও বলেন- আজকের উদীয়মান শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। একটি আধুনিক-উন্নত সমাজ ও জাতি গঠনে তাদেরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হলে প্রথমে নিজেকেই আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্যে যথাযথ শিক্ষার কোন বিকল্প নেই। এই শিক্ষা অর্জনে শিক্ষার্থীদেরকে নিরলস পরিশ্রম করে আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক শিক্ষা গ্রহণ করে মানবিক গুনাবলি সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য পরিচালনা পরিষদ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকার জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গভর্নিং বডির সম্মানিত সদস্য ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, জি.বি. সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী জনাব কাজী সাইফুল ইসলাম টুটুল, এবং উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিবি সদস্য জনাব জাহেদা ইকবাল চৌধুরী, জনাব সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য এবং জি.বি. সদস্য অধ্যাপক এস.এম. কাউছার। মঞ্চে আরো উপস্থিত ছিলেন- জি.বি. সদস্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম, জনাব কাজী কামাল উদ্দীন, জনাব মোঃ মঞ্জুর মিয়া প্রমূখ।
সকাল ১০:৩০টায় কলেজ আঙ্গিনায় ঔষধি বৃক্ষের চারা রোপন করে প্রধান অতিথি মহোদয় দিনের কর্মসূচির শুভ সূচনা করেন। পরবর্তীতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন স্টাফ কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দীন আহামদ চৌধুরী এবং সম্মাননা স্মারক প্রদান করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়। প্রভাষক মোঃ দেলাওয়ার হোসেন এর দোয়া ও মোনাজাত পরিচালনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্ব শেষ হয়।
সবশেষে অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় ও প্রভাষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email