দুই দফায় ৮ দিনের ছুটির সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা

দুই দফায় ৮ দিনের ছুটির সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী আগস্ট মাসে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাবেন।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে কর্মদিবসের সমন্বয় করেই এই সুযোগ তৈরি হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহে ৫ আগস্ট বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

একইভাবে মাসের শেষ সপ্তাহেও রয়েছে আরেক দফা দীর্ঘ ছুটির সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি কাটানো সম্ভব হবে। অর্থাৎ, আগস্ট মাসে দুটি কর্মদিবসে ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।

এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটিসহ টানা সাত দিনের অবকাশ পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার ছুটির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।

প্রতি বছরই সাধারণ ছুটি সাপ্তাহিক ছুটির কাছাকাছি পড়লে অনেক সরকারি চাকরিজীবী মাঝের এক বা দুই দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে দীর্ঘ অবকাশের পরিকল্পনা করেন। চলতি বছর আগস্ট মাসেও একই ধরনের সুযোগ তৈরি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email