হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য অনুমোদিত এডহক কমিটির সভাপতি সেলিনা আক্তারকেও ফুল দিয়ে বরণ করা হয়।

সোমবার (২০ জুলাই) বিকেলে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি সুযোগ-সুবিধা আদায় এবং শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। শিক্ষা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবেন।

প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা ও সম্ভাবনাকে গণমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে প্রেসক্লাব সর্বদা সহযোগিতা করবে।তিনি বিদ্যালয়টিকে জাতীয়করনের জন্য সংশ্লিষ্ঠ মহলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতেয়ার উদ্দিন বকুল বলেন, গণমাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সংবর্ধনা জানাতে পেরে বিদ্যালয় পরিবার আনন্দিত।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিনা আক্তার সেলি বলেন, একটি মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত রাখি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আমীর হোসেন, সহকারী শিক্ষক মীর হাসান মুহাম্মদ মোস্তফা, মাওলানা তৌহিদ, হেমন্ত পাল ও ওসমান গণি। এছাড়া বিএনপি নেতা বেলাল হোসেন, মোঃ মিল্টন, বকতেয়ার চৌধুরী, স্কুলের অভিভাবক সদস্য মোঃ জসিম উদ্দিন, ছাত্রদল নেতা মেহেদী হাসান, মোঃ আলী, নাহিদ হাসান, সাইফুল, করিম, রমজান,পারভেজসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email