আপাতত ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আপাতত ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক পদক্ষেপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে হওয়া যেকোনো সামরিক অভিযানের চেয়েও নজিরবিহীন মাত্রায় ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি রাষ্ট্র এবং খোদ ইরান যুক্তরাষ্ট্রকে এই সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য অনুরোধ জানায়। ট্রাম্পের ভাষ্যমতে, একটি সম্ভাব্য চুক্তির মূল রূপরেখা তৈরি হয়ে যাওয়ায় তারা এই অনুরোধ করেছে।

ট্রাম্প জানান, প্রস্তাবিত চুক্তিতে প্রধান দুটি শর্ত রাখা হয়েছে। প্রথমটি হলো- হরমুজ প্রণালি সব ধরনের চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত রাখা এবং দ্বিতীয়টি হলো- ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো।

হামলা বাতিলের কারণ ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, বিশ্বের সার্বিক কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের কথা ভেবেই তিনি এই সামরিক পদক্ষেপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শর্ত একটাই, চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে হবে। এই পদক্ষেপে ইসরায়েলেরও পূর্ণ সমর্থন রয়েছে বলে তিনি দাবি করেন। পোস্টের শেষে তিনি সবাইকে পুরোদমে কাজে লেগে পড়ে অবিলম্বে চুক্তিটির চূড়ান্ত রূপ দেওয়ার আহ্বান জানান।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা ও দাবির বিষয়ে ইরান বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email