
দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহর আদালতে দুই মামলায় রিমান্ড শুনানির পর এই আদেশ দেওয়া হয়।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, ফটিকছড়ির জামাল হত্যা মামলা এবং অস্ত্র মামলায় ডেভিড ইমনকে দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অস্ত্র মামলায় তার পাঁচ সহযোগীরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে তাকে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। চট্টগ্রামে গত কয়েক বছর ধরে চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে।







